জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কামরুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন কামরুলের বাবা আবু সিদ্দিক।

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের আবু সিদ্দিকের সঙ্গে প্রতিবেশী রজব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে রজব আলী ও তার লোকাজন ধান লাগাতে গেলে বাধা দেয় আবু সিদ্দিক। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে রজব আলীর লোকজন দ্য, লাঠি ও বল্লম নিয়ে আবু সিদ্দিক ও তার ছেলে কামরুল ইসলামসহ সঙ্গীদের ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী আবু সিদ্দিক, তার ছেলে কামরুল ইসলামসহ তিনজনকে প্রথমে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল ৪টার দিকে কামরুল ইসলাম মারা যান।

কেএইচ