খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল আলম(৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টায় উপজেলার পোমাং পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী মঞ্জুরুল আলমের লাশ উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, মঞ্জুরুল আলম ১০ বছর আগে এক চাকমা সম্প্রদায়ের নারীকে বিয়ে করে দীঘিনালা সদর উপজেলার পোমাং পাড়ায় বাস করছিলেন।

ঘটনার সময় তিনি কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে স্থানীয় পোমাং পাড়া স্কুলে আড্ডায় ছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে ব্রাশফায়ার করলে মঞ্জুরুল আলম ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এ সালাহউদ্দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, নিহত মঞ্জুরুল আলমের শরীরে ১৪টি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ২৪টি এসএমজি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

জেড