বাগেরহাটের ফকিরহাট থানায় কর্মরত এক সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ও দু'জন পুলিশ কনস্টেবলকে বুধবার ক্লোজড করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ফকিরহাট থানা পরিদর্শনকালে এই তিন জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও গোপণ তথ্য ফাঁসের প্রমাণ পেয়ে তাদেরকে ক্লোজের নির্দেশ দেন।
শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- এএসআই নাজমুল হোসেন, কনস্টেবল মহসীন আহম্মেদ ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন। তাদেরকে বাগেরহাট পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
বাগেরহাট পুলিশের একাধিক সূত্র জানায়, ফকিরহাট থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার দুই সন্দেহভাজন শাহাদাত ওরফে সোহেল পঞ্চায়েত (৩২) ও মো. ফারুক হাওলাদারকে (৩৪) নিয়ে গোপণীয় তথ্য ফাঁস করার ফলে পুলিশের তদন্ত পদ্ধতি বাধাগ্রস্ত হওয়ায় তাদের বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফকিরহাট থানা পুলিশের বিরুদ্ধে আটক দুজনকে নির্যাতন, সোনার গহনা কেড়ে নেওয়া ও ঘুষ দাবির অভিযোগ আনা হয়।
মঙ্গলবার রাতে এই অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ সুপার ঐ তিন জনের সঙ্গে গ্রেপ্তারকৃত দুজনের সখ্যতার সূত্র খুঁজে পান। পুলিশ সুপার ফকিরহাট থানায় অবস্থান করে এসব বিষয় তদন্ত করেন।
এর আগে বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশ টাকা না পেয়ে এই দুই ব্যবসায়ীর নামে ডাকাতির মামলা দিয়ে আদালতে পাঠালে তোলপাড় শুরু হয়।
কেএইচ





