রাজধানীর গুলশানে জব্দকৃত অবৈধ মালামাল ধ্বংস করার সময় দুজন নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে গুলশান-২ নম্বরে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মাসুদ রানা (৪২) ও আকরাম (৪০)।

গুলশান-২-এর ১০৯ নম্বর রোডে ইয়ুথ ক্লাবের নিরাপত্তাকর্মী তারা। গুলশান থানা-পুলিশ জানায়, রাতে জব্দকৃত অবৈধ পাউডার ও পারফিউম আগুন দিয়ে ধ্বংস করা হয়।

এ সময় ক্লাবের সামনে মালামাল ধ্বংস করা দেখছিলেন তারা। ওই পাউডার ও পারফিউমে আগুন দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারা দগ্ধ হন।

দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আগুনে আকরামের শরীরের ৬০ শতাংশ ও মাসুদ রানার ১৪ শতাংশ পুড়ে গেছে।

এমকে