চাঁদপুর শহরের টেকনিক্যাল এলাকায় ট্রাক্টর ও পুলিশের পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে উপপরিদর্শক (এসআই) শহীদ উল্ল্যাহসহ ছয় জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্যরা হলেন, পুলিশ সদস্য রবিউল হাসান (২৭), সুমি আক্তার (২০), রুমি বড়ুয়া (২০), ট্রাক্টর চালক মোক্তার হোসেন গাজী ( ৩৮) ও মাসুদ মিজি (৩৫)।

আহতদের মধ্যে রবিউল হাসান ও সুমি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্যরা পিকআপে করে চাঁদপুর শহর থেকে পুলিশ লাইনে রওয়ানা দেন। ভ্যানটি টেকনিক্যাল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চার পুলিশসহ ছয় জন আহত হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ওই ট্রাক্টরসহ আরও দুটি ট্রাক্টর আটক করা হয়েছে।

কেএইচ