বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের ৭৫ শতাংশ মানুষের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে।

শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামালগঞ্জ বাজারের পশ্চিম পার্শ্বে কয়লা খনির একটি কূপ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছে তখন একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে এবং বিদেশের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যেতে চাইছে। যা কোন দিন সফল হবে না।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জয়পুরহাটের ৩শ কিলোমিটার বিদ্যুৎ’র সঞ্চালন লাইন নির্মাণ করে আট হাজার পরিবারকে বিদ্যুৎ সুবিধা দেয়ার ঘোষণা দিয়ে দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার কৃষকের ও খেটে খাওয়া মানুষের  সরকার। তাই কৃষকের সকল সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এতে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর বক্তব্য রাখেন।

জেআই