সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা জাতীয় ঈদগায়ে অনুষ্ঠিত হবে।
গত বুধবার রাত আটটার দিকে দুর্বৃত্তরা পূর্ব রাজাবাজারের দোতলার ভাড়া বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে তাদের সামনে ফারুকীকে গলা কেটে হত্যা করে।
বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয় জনকে আসামি করে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফারুকীকে খুন করে বাসা থেকে ছয় লাখ তিন হাজার টাকা লুট হওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। শেরেবাংলা নগর থানার পাশাপাশি মামলাটি ছায়া তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাদব।
ফারুকী হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও এর সহযোগী সংগঠন ছাত্রসেনা। আগামীকাল শনিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করার সময়সীমা দিয়েছে তারা। এছাড়া ৩০ আগস্ট সারাদেশে প্রতিবাদ সমাবেশসহ ৬দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমন্ডলীর সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা ফারুকী একাধিক ব্যবসা ও প্রতিষ্ঠানের মালিক ছিলেন। ফারুকী ট্রাভেল অ্যান্ড ট্যুরস ও ইসলামিক মিডিয়া জনকল্যাণ সংস্থা নামের প্রতিষ্ঠানগুলোর মালিক ছাড়াও মেঘনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায়ী অংশীদার ছিলেন তিনি। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি হজে লোক পাঠাতেন।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





