সাভারে আওয়ামী লীগ দলীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
আজ দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম- ফরিদুল ইসলাম (৩০)।
স্থানীয়রা জানান, জমিতে বালু ফেলাকে কেন্দ্র করে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। দুপুরে সেলিম মণ্ডলের লোকজন ওই জমিতে বালু ফেলতে গেলে সুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এসময় ইউপি চেয়ারম্যান সমর্থক ফরিদুল গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এফএফ





