বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত গরু ব্যবসায়ী মনিরুলের (৩৩) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১০টায় বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদী পথে তার মরদেহ ফেরত দেয়।
বিজিবি জানায়, মনিরুলের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তারা বিএসএফের কাছে নিহতের ছবি পাঠানোর জন্য বলেন। পরবর্তীতে বিএসএফ গুলিবিদ্ধ যুবকের ছবি বিজিবির কাছে পাঠালে মনিরুলের পরিবারের সদস্যরা ছবি দেখে নিহতের বিষয়টি নিশ্চিত হন।
পরে, বিজিবি সদস্যরা গুলি করে হত্যার প্রতিবাদ জানায় এবং মনিরুলের মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে মরদেহ ফেরত দেওয়ার কথা জানালে রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু বিএসএফ মরদেহ ফেরত দেয়নি।
অবশেষে বুধবার রাত পৌনে ১০টার দিকে বিএসএফ সদস্যরা বেনাপোল-পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত পথে ইছামতি নদী পার করে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে মনিরুলসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী মঙ্গলবার ভোররাতে ভারতীয় গরু নেওয়ার জন্য বেনাপোল-পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড়ে অপেক্ষা করছিলেন। এ সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের উপর এলোপাথারী গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যায় মনিরুল । তারা মনিরুলকে গুলি করে নদীতে ফেলে রেখে যায়। অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে, সকাল ১০টার দিকে ভারতের গাইঘাটা থানার পুলিশ খবর পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন মরদেহ ফেরতের বিষয়ে প্রতিবেদককে বলেন, কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করে মনিরুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।
এআই





