দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারীশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় খাজানগরের দাউদ মণ্ডল রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সাবিয়া খাতুন (৫৫)। তবে তিনি কোন এলাকার বাসিন্দা তা জানা যায়নি।

স্থানীয় বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিন মণ্ডল জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় দাউদ মণ্ডল রাইস মিলে একটি ছোট বয়লারে ধান সিদ্ধ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ বয়লারে বিস্ফোরণ ঘটে।এ সময় শ্রমিক সাবিয়া খাতুন অগ্নিদগ্ধ হন।

তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাবিয়াকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার কাছে তাঁর মৃত্যু হয়।

এমবি