ফরিদপুরের মধুখালীতে দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (০২ মে) উপজেলার বাগাট ইউনিয়নের চরবাগাট গ্রামে ত্বকী মোল্যা (০৫) ও তার ছয় মাসের বোন তহুরার রহস্যজনক মৃত্যু হয়।
তারা স্থানীয় আবদুল্লাহ আল মামুনের সন্তান ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বাগাট বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী মোল্যার নাতি-নাতনী।
জানা যায়, ওই দুই শিশুর বাবা মামুন তার মাকে (শিশুর দাদি) নিয়ে ভারতে গেছেন। তার স্ত্রী তাছলিমা বেগম প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে রোববার (০১ মে) দিনগত রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে শিশুদের মা পরিবারের কাজ শুরু করেন। এদিকে শিশু দুটি ঘুম থেকে জেগে না ওঠায় তাদের ফুপু ইরানি বেগম ডাকতে গিয়ে তাদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার করে বাড়ির অন্য সদস্যদের ডাকেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, কী কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে তা জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
ওএফ





