রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি মাজারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সাত জন আহত হয়েছে বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো- মোস্তফা (২৮), আতাউল্লাহ (৫০), সিদ্দিক (৩০), বাদশা (৩২), তপন (৩০), কাওসার (২৮) ও শাওন চৌধুরী (২৮)।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শহীদনগর চিশতিয়া নিজামীয়া দরবার শরীফের পাশে এ ঘটনা ঘটে।

লালবাগ থানার এসআই আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আশরাফুল জানান, শহীদনগরের ওই মাজার এলাকায় সাড়ে চার কাঠা জায়গা দখল করে অনুসারীরা প্রতিদিন অনুষ্ঠান করে আসছে। এর মধ্যে দুই কাঠা জায়গা ফাঁকা পড়ে থাকত সবসময়।

কিছুদিন আগে ওই ফাঁকা জায়গা দখল করে নেয় অনুসারীরা। পরে ওই দুই কাঠা জমির মালিকানা দাবি করে নাজিমুদ্দিন নামের এক ব্যক্তি।

রোববার বিকেলে স্থানীয় ওয়ার্ড কমিশনার মোশারফের মাধ্যমে নাজিমুদ্দিন ২৫-৩০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই মাজারের লোকদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এমকে