ছড়িয়ে যাওয়া কালো তেলের প্রভাবে সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তেল ছড়িয়ে পড়া রোধে শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ রাখার কারণে মংলা বন্দর ব্যবহারকারীরা ক্ষতির মুখে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। বক্তব্যে তিনি সুন্দরবনের চেয়ে বন্দর ব্যবহারকারীদের স্বার্থের কথাই বেশি বলেন।
শনিবার দুপুর একটায় সুন্দর বনের শ্যালা নদীর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, ‘সনাতন পদ্ধতিতে সুন্দরবনের শ্যালা নদী ও খালের ভাসমান তেল সংগ্রহের পর রাসায়নিক তরল পদার্থ ব্যবহার করা হবে। কালো তেলের প্রভাবে সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হয়নি।’
নৌমন্ত্রী বলেন, ‘রাসায়নিক তরল পদার্থ অপসারণে বিদেশি একটি কোম্পানি সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
তিনি বলেন, ‘নৌযান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে মংলা বন্দরে। কার্গো, কোস্টার সঙ্কটে বন্দরের পণ্যবোঝই ও খালাস ব্যাহত হচ্ছে। মংলার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগও ব্যাহত হচ্ছে। শেলা নদীর শরণখোলা এলাকায় আটকে পড়েছে পণ্যবাহী নৌযান। এতে ক্ষতির মুখে পড়েছে বন্দর ব্যবহারকারীরা।’
তিনি আরও বলেন, ‘মংলা বন্দরসহ দক্ষিণাঞ্চল সচল রাখতে আগামীকাল রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই শর্ত সাপেক্ষে নৌ-চলাচলের অনুমতি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসবে।’
এছাড়া দুই জাহাজ মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া কথা জানান তিনি।
জেএ





