আদালতের আদেশ মানছে না ভাটারা থানা পুলিশ। ২ শিশু গৃহপরিচারিকাকে যৌন হয়রানিমূলক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করছে না। উল্টো মামলা করায় আসামির হুমকিতে নিরাপত্তাহীন বাদী।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের বর্ধিত হল রুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে নির্যাতিত গৃহপরিচারিকার মা সাহেনা বেগম বলেন, ‘আমার স্বামী গুরুতর অসুস্থ হওয়ায় অভাবের তাড়নায় তার ২ নাবালিকা মেয়ে বিবি কুলসুম (১৪) ও বিবি গুলশানকে (৮) ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় গাড়ি ব্যবসায়ী মেজবাহ উর রিপনের বাসায় গৃহপরিচারিকার কাজ করতে দিই। কিন্তু রিপন আমার মেয়েদের দিয়ে হাত-পা টিপে দেয়া থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজ করাতেন। মেয়েদের মুখে এসব কথা শুনে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি।’

তিনি আরও বলেন, ‘আদালত রিপনের বিরুদ্ধে গত ১ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও রিপনকে পুলিশ গ্রেপ্তার করছে না। আসামি রিপন প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। আমার পরিস্থিতি নাকি মেয়েদের থেকেও খারাপ করবে। এ কারণে আমি আমার মেয়েদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সংবাদ সম্মেলনে বিবি কুলসুম ও বিবি গুলশান উপস্থিত ছিল। সাহেনা বেগমের বাড়ি ফেনী জেলার দাগনভূইয়া থানার জাঙ্গালীয়া গ্রামে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ