সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রাজনীতির নামে বিশৃঙ্খলা, নাশকতা, বাসে পেট্রল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা এটা কোনো রাজনীতি নয়। এটা সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড।

এ সব অপশক্তি থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের ঐক্যের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সব অপশক্তিতে একদিন প্রতিহত করবেন।

বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়ায় সামশুল হক মেমোরিয়াল একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ধ্বংসাত্মক, হিংসাত্মক কর্মকাণ্ডের নামে রাজনীতি হয় না। এটি দেশের ক্ষতি করার রাজনীতি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

বর্তমান সরকারের সফলতা বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বিশ্বের অনেক ধনী দেশও যেটি করেনি, আমাদের সরকার তা করেছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৩ কোটি বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে আমাদের দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার এগিয়ে চলেছে। তাই মন্ত্রী বর্তমান সরকারের উন্নয় ধারা বজায় রাখতে বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে সবার প্রতি আহবান জানান।
জেআই