শ্বশুর-শাশুড়িকে হত্যার পর পালিয়ে থাকা জামাই সুমন শেখ (২২) গণপিটুনিতে নিহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চাঁদপুরে সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত ঘাতক সুমন শেখ ঢাকার সাভারে ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনার হরিণাটানা এলাকায়।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে শ্বশুর-শাশুড়িকে খুন করে দিনভর একটি ধান ক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় কয়েকজন গ্রামবাসী সুমনকে দেখে ফেলে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে আটক করে।

পুলিশে খবর দেয়ার পর গ্রামের লোকজন আরো উত্তেজিত হয়ে আবারো গণপিটুনি দেয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পরিবারিক কলহের জের ধরে সুমন সোমবার ভোরে শ্বশুর ইকবাল হোসেন বুলু (৪৫) ও শ্বশুড়ি মমতাজ বেগমকে (৪০) দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সুমনের স্ত্রী (তালাকপ্রাপ্ত) শারমিন আক্তার লাকি আহত হন।

এআর