খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অপরদিকে বৈশাখী মেলায় মানুষের আগমনী ঢল শুরু হয়েছে।

আজ পহেলা বৈশাখ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নগরীর শিববাড়ী মোড়ে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে নগরীর শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা মোড় হয়ে রয়্যাল চত্বরে গিয়ে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়। রয়েল মোড়ে এসে পৌঁছালে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটির সমাপ্তি ঘোষণা করেন।

তিনি সাফল্যের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রাটি আয়োজন ও তাতে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন বাংলা নববর্ষ পহেলা বৈশাখের এ উৎসব আমাদের প্রাণের উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে। আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি বাংলা নববর্ষের মাধ্যমে প্রবাহমান। এরই ধারাবাহিকতায় জীবনের আগামীদিনগুলো যাতে সুন্দর ও সাফল্যের সাথে অতিবাহিত হয় সেই আশা করেন। মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সামনের ফটক দিয়ে তরুণ তরুণীসহ নানা বয়সের মানুষ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে শুরু করেন।

এমই