দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ৪/৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে।
আজ (০২ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এই ভূমিকম্পের কম্পনমাত্রা ছিল রিখটার স্কেলে ২ দশমিক ৯।
এসময় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। তবে সবশেষ খরব পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এসময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।
নগরীর জামতলা এলাকার বাসিন্দা সেলিম জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভবনটি কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ নয়। সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট নগরের শাহী ঈদগাহ আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, কম্পনটির উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি সীমান্ত এলাকা ভারতের ডাউকি ফল্টে। শাহী ঈদগাহ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এর উৎপত্তিস্থল।
সাঈদ আহমদ আরও বলেন, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার। সিলেটের ডাটা দিয়ে ঢাকা পর্যবেক্ষণ কেন্দ্রও এমন তথ্য দিয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে- সিলেটের পার্শ্ববর্তী ভারতের ডাউকি ফল্টে কম্পনটির উৎপত্তিস্থল। ২ দশমিক ৯ মাত্রার এই কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এছাড়া কম্পনটি মাত্র একটি স্টেশনেই রেকর্ড সনাক্ত করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি (সোমবার) রাত ১টা ৫৫ মিনিটে কম্পনে কেঁপে ছিল সিলেট। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ২ দশমিক ৫।
এমবি





