বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতরা। এসময় আত্মরক্ষার্থে ডাকাতদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েলে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।

তবে গুলিবিদ্ধ ওই ডাকাতকে অন্য সদস্যরা উদ্ধার করে জঙ্গলের দিকে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ঈদগড় সড়কের ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমানকে অসুস্থ অবস্থায় মোটরসাইকেলে করে ঈদগাহ বাজারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় পথে ৬/৭জনের সশস্ত্র ডাকাত দল ঈদগার ঢালা এলাকায় গতিরোধ করার চেষ্টা করে।

এ সময় এসআই আনিস আত্মরক্ষার্থে ডাকাতদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। ডাকাত দলের সহযোগিরা দ্রুত ওই ডাকাতকে জঙ্গলের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যায়।

বাইশারী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ডাকাতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। আশেপাশের সব থানায় খবর পাঠানো হয়েছে।

এমকে