চট্টগ্রামের পাহাড়তলী দক্ষিণ কাট্টলী থেকে সোমবার দুপুরে অর্ধকোটি টাকার ভিওআইপি সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন- সাইদুর ইসলাম সাগর (১৮) ও মো. কামাল হোসেন (৩৫)।

র‌্যাবের উপসহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ কাট্টলী শাপলা আবাসিক এলাকার ১১৬১/এ নাহার মঞ্জিলের চতুর্থতলায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুই যুবককে আটক করা হয়।

জব্দ করা ভিওআইপি সরঞ্জামগুলোর মধ্যে চ্যানেল ব্যাংক/গেটওয়ে ১৮টি, ল্যাপটপ তিনটি, সিপিইউ ছয়টি, মনিটর চারটি, আইপিএস দুটি, ব্যাটারি চারটি, রাউটার একটি, সুইচ পাঁচটি, জিএসএম এন্টিনা ২৭৩টি, কি-বোর্ড সাতটি, মাউস ১১টি, পাওয়ার ক্যাবল ১৬টি, ইউপিএস দুটি, বিভিন্ন কোম্পানির মডেম ২১টি, কুলিং প্যাড ১৬টি, অ্যাডেপ্টার ৩৫টি, ল্যান ক্যাবল- ৭৩টি, বিভিন্ন কোম্পানির সিমকার্ড জব্দ করা হয়। যার মধ্যে গ্রামীণ-১৭৮টি, রবি-১০,৪৩৮টি, এয়ারটেল-২,০১৬টি, টেলিটক-১,৪৮০টি ও বাংলালিংক-৮৬০টি সিমকার্ড জব্দ করা হয়।

জব্দ করা ভিওআইপি সরঞ্জামগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানান তিনি।

কেএইচ