মাগুরা শ্রীপুরের খামারপাড়ায় বাল্যবিবাহের অভিযোগে বর মাসুদ মুন্সী (২৫) ও বরের দুলা ভাই কামরুজ্জামান বিশ্বাসকে (৫০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ জানান, খামারপাড়া এলাকার নবীন মৃধার মেয়ে বনি খাতুনের (১৩) সঙ্গে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের বখতিয়ার মুন্সীর ছেলে মাসুদ মুন্সীর বিয়ে ঠিক হয়।

বুধবার রাত ৯টার দিকে বরযাত্রীদের আপ্যায়ন শেষে বিয়ে পড়ানো শুরু হয়। এসময় এলাকাবাসীর কাছে খবর পেয়ে তিনি পুলিশকে জানান।

পুলিশ মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বর মাসুদ মুন্সী ও তার দুলাভাই কামরুজ্জামানকে বিয়ের আসর থেকে আটক করে।

মেয়ের বাবা নবীন মৃধা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বনি খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মোছা. সেলিনা বানু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর মাসুদ ও দুলাভাই কামরুজ্জামানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

পুলিশ রাতে দণ্ডপ্রাপ্ত দুইজনকে জেল হাজতে পাঠিয়েছে।

এমকে