ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর প্রয়াণে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) রাত ৮টায় নড়াইলের ডেমোক্রেসিওয়াচ ট্রেনিং সেন্টারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সাংবাদিক কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

এ সময় স্মৃতিচারণ করে আলোচনা রাখেন জেলা সিপিবি’র সভাপতি খোন্দকার শওকত হোসেন, শুভ্রা মুখার্জীর মামাতো ভাই কার্তিক ঘোষ, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্থ, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)এর সহযোগি সংগঠন নবান্ন’র নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তুহিন, ভোসড মাগুরার নির্বাহী পরিচালক কাজী খায়রুজ্জামান, স্বাবলম্বী’র কোহিনূর আক্তার প্রমূখ।          

সভার শুরুতে শুভ্রা মুখার্জীর স্মরণে মমবাতি প্রজ্জ্বলন করে তাঁর আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে একমিনিট নিরাবতা পালন করা হয়।

নাড়ির টানে শুভ্রা ১৯৯৫ এবং ২০১৩ সালের ৫ মার্চ নড়াইলে বেড়াতে এসেছিলেন। প্রথমবার তিনি মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে এবং পরে স্বামী প্রণব মুখার্জীর সঙ্গে আসেন।

এসময় শুভ্রা ঘুরে বেড়িয়েছেন ভদ্রবিলার পৈত্রিক ভিটায়,মামাদের বাড়িতে। জন্মভিটা আর শৈশবের সেই চিত্রা নদী দেখে আবেগে আপ্লুত হয়ে উঠেছিলেন শুভ্রা।

শুভ্রা মুখার্জী ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদরের ভদ্রবিলা গ্রামের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জীর সঙ্গে বিয়ে হয়। তিনি দুই ছেলে ও এক কন্যার জননী। ছেলে অভিজিৎ ও ইন্দ্রজিৎ এবং মেয়ে শর্মিষ্ঠা।

উল্লেখ্য যে, তার সহযোগিতায় মামা বাড়ি এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ভবন, একটি কলেজে ৫তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল এবং তিনটি মন্দির নির্মাণ করা হয়।

এসএইচ