নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী একটি বাসে যাত্রীবেশে উঠে ডাকাত দল অস্ত্রের মুখে অর্ধশত যাত্রীর ৯০টি মোবাইল, স্বর্ণালংকার ও নগদ কয়েক লাখ টাকা লুট করে নেয়।
শুক্রবার রাত ১১টায় আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্র জানায়, ঢাকা থেকে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছনপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশে আগে থেকেই বাসে ওঠা ৬-৭ জন ডাকাত অস্ত্রের মুখে প্রথমে চালক ও পরে যাত্রীদের জিম্মি করে।
এ সময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে অন্তত ৯০টি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকা লুট করে নেমে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল জানান, ডাকাতির ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
কেএইচ





