করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৮১ জন।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬১৯ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২০০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৮৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪টি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.০৪৫ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৫৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়।

শুক্রবার পর্যন্ত মোট মারা যাওয়া ৭ হাজার ৯৮১ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৭ জন (৭৫ দশমিক ৭৭শতাংশ) ও নারী ১ হাজার ৯৩৪ জন (২৪ দশমিক শূন্য ৩৩ শতাংশ)।

এমবি