কক্সবাজারের রামু উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালিক ও কর্মচারী নিহত হয়েছে।
আজ (০৩ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোররাতে উপজেলার গর্জনিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ির লাল মোহাম্মদের ছেলে বাজারের মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৫) ও তার দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৫)। আনোয়ার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে।
বাজারের ব্যবসায়ীরা জানান, ফিরোজের মুদির দোকান থেকে রাত সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুনের শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোররাতের দিকে রামু এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাজারের ৫টি দোকান পুড়ে যায়।
২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান জানান, দোকানের ভেতরে ছিলেন মালিক ফিরোজ আহমদ ও কর্মচারী আনোয়ার। আগুন নিয়ন্ত্রণে এলে দমকল বাহিনীর কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফিরোজ আহমদের মুদির দোকান, দিল মোহাম্মদের ওয়ার্কশপ, আবদুল করিমের চাউলের দোকান, মনির আহমদের চাউলের দোকান ও অধির কর্মকারের কামারের দোকান রয়েছে।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরও জানান, লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন।
এদিকে, খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, ওসি (তদন্ত) মিজানুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমবি





