সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে সিলেটে গভীর রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
মহানগরীর আমির মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে রোববার রাত সাড়ে ১২টার দিকে কাজিরবাজার এলাকা থেকে মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা।
মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে তারা লতিফ সিদ্দকীর গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হুশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে রোববার রাত ৮টা ৪০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারত থেকে ঢাকায় আসেন লতিফ সিদ্দিকী। তবে এর পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে তার ভাই কাদের সিদ্দিকী অভিযোগ করেছেন সাদা পোশাকে সরকারের বিশেষ সংস্থার লোকজন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বিমানবন্দর থেকে নিয়ে গেছে।
গত ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় হজ, তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন লতিফ সিদ্দিকী।
তার ওই বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়। এর পর থেকেই সিদ্দিকীর বিরুদ্ধে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। তাকে আটকের দাবি জানান বিভিন্ন সংগঠন।
এআর





