সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের প্রাপ্ত ভোটের অডিট ব্যবস্থার সুযোগ না থাকায় কারসাজির যথেষ্ট সুযোগ রয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, “আপনি কাকে ভোট দিয়েছেন, নিশ্চিত না। কারণ, আগে থেকে কেলিব্রেট করে রাখা হয়নি। আপনি এক মার্কায় দিলেন, অন্য একটি মার্কায় কাউন্ট হলো। ভোটার ভেরিফায়েবল যদি থাকত, তাহলে আপনি প্রিন্ট আউট পেতেন, পরে এটি অডিট করা যেত। ভারতীয় ইভিএমের তুলনায় ১১ গুণ বেশি দামে কেনা হয়েছে। কিন্তু তাতে ওই ব্যবস্থা নেই।”

তিনি বলেন, “ইভিএম নিয়ে আস্থার সংকট আছে। এবং নির্বাচনী কর্মকর্তারা ভোটারের অনুপস্থিতিতে ভোট দিতে পারে।”

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, “নির্বাচন কমিশনের ওপর যদি ভোটারদের আস্থা থাকত, তবে ইভিএম নিয়েও কোনো প্রশ্ন উঠত না। প্রতিদ্বন্দ্বিতাকারী সব দলের সম্মতি ছাড়া ইভিএম ব্যবহারের সিদ্ধান্তটি সঠিক হয়নি। যেহেতু ব্যালট পেপারে ভোটটাই আমাদের জন্য স্বীকৃত ও প্রচলিত পদ্ধতি, অতএব সেটাতে হতে পারত।”

এমবি