বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কোন কার্যক্রম বরদাশত করা হবে না উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, যারা ঈদের জামায়াতে হামলা করে, তারা কেমন মুসলিম!
বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ বেতারের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা, আইনশৃঙ্খলার সমস্যা নয়। কাজেই এই সমস্যা সামাজিকভাবে মোকাবিলা করতে হবে আমাদের। যারা মসজিদে হামলা করে, যারা ঈদের জামায়াতে হামলা করে, তারা মুসলিম হতে পারেনা।
জঙ্গিবাদ দমনে পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে। জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যারা পুলিশের সমালোচনা করেন, তাদের কঠোর সমালোচনা করেন তিনি।
মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এছাড়া দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম প্রমুখ সভায় অংশ নিয়েছেন।
এসএম





