প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ব্যবসা করতে আসিনি। দেশের উন্নয়নে কাজ করতে এসেছি। ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি করে দিতে এসেছি।
রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলনে কেন্দ্রে শুক্রবার ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার। আমরা ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেই। এ জন্য আমাদের যুব সমাজকে কাজে লাগাতে হবে।’ পাশাপাশি প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের পণ্য ও ইন্ড্রাস্ট্রি বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করে বৈশ্বিক বাজার দখল করার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস। এ ছাড়া বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআিই’র সভাপতি আবদুল মতলুব আহমাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুর্কি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মান ও সংযুক্ত আরব আমিরাতসহ ২১টি দেশ অংশ নেবে। এ বছর নতুন সাতটি দেশ মরিসাস, ঘানা, নেপাল, হংকং, জাপান, মরক্কো ও ভুটান মেলায় অংশ নিচ্ছে।
আজ শুক্রবার থেকে শুরু হওয়া মেলা চলবে এক মাস। মেলায় প্রবেশের জন্য পূর্ণবয়স্কদের প্রবেশ ফি ৩০ টাকা ও শিশুদের ২০ টাকা। মেলায় থাকছে ১১১টি প্যাভিলিয়ন, ৫৭টি মিনি প্যাভিলিয়ন, ৮০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন ও ২৭৬টি স্টল।
এমকে





