উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৭৮.৩৩। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৪.৫৪, চট্টগ্রাম বোর্ডে ৭০.০৬, সিলেট বোর্ডে ৭৯.১৬ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮.৫৫, যশোরে ৬০.৫৮, বরিশালে ৭১.৭৫, দিনাজপুরে ৭৪.১৪ ও কুমিল্লায় ৭০.১৪ শতাংশ। এছাড়া কারিগরি বোর্ডে ৮৫.০২ ও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৪.০৮। জিপিএ ৫ পেয়েছে বরিশালে দুই হাজার ২’শ ২৫ এবং কুমিল্লায় দুই হজার ৬’শ শিক্ষার্থী।
গত ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। সর্বমোট দুই হাজার ৩৫২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের এ পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিতের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত সরকারের তদন্ত কমিটি।
এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল নয় লাখ ২৪ হাজার ১৭১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭ জন, কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে পরীক্ষার্থী ছিল চার হাজার ৯৭৭ জন।
১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন।
এছাড়া বিদেশের পাঁচটি কেন্দ্রে ২০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





