রাজশাহীর পবায় মলদ্বারে করে হেরোইন পাচারের সময় মামুন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পবার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মুরারিপুর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মামুন নাটোরের সিংড়া উপজেলার সরকার পাড়া গ্রামের মৃত আদেশ আলীর ছেলে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে পবার গহমাবোনা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মামুন সন্দেহজনকভাবে চলাফেলা করায় তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ কালে তার মলদ্বারের ভেতর হেরোইন আছে বলে স্বীকার করে। সেখান থেকে একজন স্থানীয় চিকিৎসকের সহযোগিতায় পলিথিনে ভর্তি ২০ গ্রাম হেরোইন বের করা হয়।
তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেএইচ





