কক্সবাজার শহরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মুন্নী বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কের লালদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু কক্সবাজার পৌরসভার আলীরজাহালের সিটি কলেজ এলাকার বাসিন্দা এবং তার স্বামী ঢাকায় এফডিসিতে কর্মরত।
সংসার জীবনে তিনি দুই সন্তানের জননী। নিহতের বোন ফাতেমা জানান, মুন্নী ঢাকায় স্বামীর সঙ্গে থাকে। সে কয়েকদিন পূর্বে বাবার বাড়ি বেড়াতে এসেছিল। রোববার রাত সাড়ে ১০টায় তার শ্যামলী বাসে করে ঢাকায় ফেরতের কথা ছিল। এই উদ্দেশে মুন্নী বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কাজি মতিউল ইসলাম জানান, গলায় ওড়না পেঁচানোর কারণে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান।
এমকে





