নির্বাচনে জয়লাভের পর প্রার্থীকে নিয়ে আনন্দ মিছিল বের করেন সমর্থকরা। আর সেই আনন্দ মিছিলেই মারা যান বিজয়ী প্রার্থী।
এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রায়গঞ্জ মহাবিদ্যালয়ে পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে রায়গঞ্জ কারিগরি কলেজের প্রভাষক ইয়াছিন আলী রানা মন্ডল (৩৫) অভিভাবক সদস্য পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৩১৮ ভোট পেয়ে বিজয়ীদের মধ্যে প্রথম হন।
বিকাল ৫টায় ফল ঘোষণার পর তাকে নিয়ে আনন্দ মিছিল বের করেন সর্মথকরা। মিছিলটি তার বাজারস্থ বাড়িতে আসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রানা। পরে তাকে নাগেশ্বরীর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রভাষক ইয়াছিন আলী রানা মন্ডলের।
এদিকে তার মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহুর্তেই সকলের আনন্দ বিষাদে পরিণত হয়ে যায়।
এএইচ





