সদ্যপ্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ মৌলভীবাজার শহরে তার বাড়িতে পৌঁছেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় মরদেহ বহনকারী হেলিকপ্টারটি মৌলভীবাজার স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা পরিবারের লোকজন মরদেহ গ্রহণ করেন। এরপর মহসিন আলীকে তার নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ শাহাব উদ্দিন আহম্মদ, সাবেক চিফ হুইপ উপাধক্ষ আবদুস শহিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ মৌলভীবাজার প্রশাসনের কর্মকর্তারা।

দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রাখা হবে।

বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারের পশ্চিম পাশে বাবা-মায়ের কবরের পাশে মহসিন আলীর জন্য কবর প্রস্তুত করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মহসিন আলীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার আগে মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন সৈয়দ মহসিন আলী।

এআই