ব্লগার ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ময়মনসিংহে জনউদ্যোগের উদ্যোগে মানববন্ধন ও হত্যার পর পালানোর সময় হত্যাকারীদের ধরার মত সাহসী ভূমিকার জন্য ময়মনসিংহের হিজড়াদের গণসংবর্ধনা দেওয়া হয়।
বুধবার বিকেলে শহরের ফিরোজ জাহাঙ্গির চত্ত্বরে জাসদের ময়মনসিংহ জেলা সেক্রেটারি ও জনউদ্যোগের সভাপতি এড. নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাননববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড. আনিসুর রহমান খান, কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি এড. ইমদাদুল হক মিল্লাত, মহিলা পরিষদের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সাবেক আনন্দমোহন কলেজের জি.এস মফিজুন নুর খোকা, আইন ছাত্র পরিষদের সভাপতি এড. সুমন চন্দ্র ঘোষ, চেম্বার অব কমার্সের পরিচালক সংকর সাহা।
ময়মনসিংহের আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা এই মানববন্ধনে অংশগ্রহন করে। হিজড়দের মাঝে বক্তব্য দেন আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক সন্ধা। হিজড়াদের মাঝে আরো উপস্থিত ছিলেন আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সালমা শেখ, সহ: সভাপতি মেরী ইসলাম, সাংগঠনিক সম্পাদক রসনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, আমরা এ হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। সমাজে যারা সকলের অবহেলিত নির্যাতিত তারাই আজ জীবন বাজি রেখে হত্যাকারীদের ধরায় আমরা এই তৃতীয় লিঙ্গ হিজড়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের গণসংবর্ধনা দিচ্ছি। তাদের কাছ থেকে সকলের এমন সাহসীকতার শিক্ষা নেওয়ার আহবান জানান তারা।
ইআর





