বরগুনা সদর উপজেলায় 'প্রেমের প্রস্তাবে' রাজি না হওয়ায় এক স্কুলছাত্রী (১৪) কুপিয়ে জখম করেছে সাগর নামে এক যুবক। সোমবার সন্ধ্যায় উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সাগর নলী মাইঠা গ্রামে আবদুল লতিফ মাস্টারের ছেলে।

ওই কিশোরী স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কিশোরী বলেন, এক বছর ধরে সাগর তাকে 'প্রেমের প্রস্তাব' দিয়ে আসছে। সোমবার বিকালে সাগর তার বন্ধু একই এলাকার আলমগীর খানের ছেলে সোহেল ও জাহাঙ্গীর খানের রাকিবকে নিয়ে আমাদের বাড়ি আসে। তারা আমার ছবি তোলে। সাগরের 'প্রেমের প্রস্তাবে' রাজি না হলে অশ্লীল ছবি বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা।

এসময় ঘর থেকে বটি এনে ওই ছাত্রী তাদের তাড়ানোর চেষ্টা করে। তখন সাগর বটি ছিনিয়ে নিয়ে তার মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।

ওই কিশোরীর মা জানান, এ ব্যাপারে তারা আদালতে মামলা করেছেন।

বরগুনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান জানান, আদালতের নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়া হবে।

জারিফ