বিশ্বের সব দেশের মতো বাংলাদেশও করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন আইইডিসিআর’র মহাপরিচালক ডা.মীরজাদী সেব্রিনা ফ্রোরা। ভাইরাস মুক্তির সনদ ছাড়া ইতালিসহ চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না।

বুধবার (০৪ মার্চ) দুপুরে মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রায় প্রতিদিনই নতুন নতুন দেশ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। বিদেশ থেকে কোন বাংলাদেশি দেশে আসতে চাইলে তারাও বিমানবন্দর থেকে আক্রান্ত হতে পারেন বলে জানান ডা. ফ্লোরা।

একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ অবস্থায় প্রতিদিনই পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে আইইডিসিআর। বুধবার সংস্থাটি জানায়, যাত্রী যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।

ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েতের যাত্রীরা করোনা মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

ইতালিতে ১ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এমন পরিস্থিতিতে এ ৪ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়েছে।

এখন পর্যন্ত দেশে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি নেই বলে জানায় আইইডিসিআর। এছাড়াও ভাইরাসটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২০২ জনে। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডে করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৯৮১ জনের।

এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।

এদিকে চীনে সংক্রমণ কমে এলেও, অন্যান্য দেশে বেড়ে চলেছে করোনাভাইরাসের প্রকোপ। ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় করোনার সংক্রমণ বেড়ে চলেছে আশঙ্কাজনক হারে।

 

এএস