ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ( ডিএসসিসি) প্রশাসক শওকত মোস্তফা রাজধানীর ওসমানী উদ্যানে দু’টি পাবলিক টয়লেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে ওসমানী উদ্যানের ভেতরে দু’টি পাবলিক টয়লেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান, ওয়াটার এইড এর ডাঃ খায়রুল ইসলাম, প্রধান প্রকৌশলী হাবীবুর রহমানসহ বিভাগীয় প্রধানগন।


প্রশাসক শওকত মোস্তফা বলেন, পথচারী এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য ডিএসসিসি এ উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান।


জানা যায়, গত বছর রাজধানী ঢাকার পাবলিক টয়লেটগুলি ব্যবহার উপযোগী করে স্বাস্থ্যসম্মত সেবা নিশ্চিত করতে ঢাকার দুই সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা ও ওয়াটার এইড বাংলাদেশ একটি সমঝোতা স্মারক সই করে।


এরই ধারাবাহিকতায় আজ ওসমানী উদ্যানে দু’টি পাবলিক টয়লেটের নির্মাণ কাজ শুরু করা হলো। এ কাজে আর্থিক ও কারিগরী সহযোগিতা দিচ্ছে ওয়াটার এইড ও এইচ এন্ড এম কনসাস ফাউন্ডেশন।
একে