ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সমাবেশের কারণে গণভোগান্তি হলে ব্যবস্থা নেওয়া হবে।
আজ (রোববার) সকালে বিএনপির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, “এখানে যাতে বিশৃঙ্খলা না হয়, জনদুর্ভোগ না হয়, যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা-ধ্বংসযজ্ঞ না হয়। সেই শর্তগুলো দেওয়া হয়েছে। আমরা আশা করছি, গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিএনপি এই সমাবেশ করবে। পুলিশের পক্ষ থেকে এই সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”
কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জাবাবে ডিএমপি কমিশনার বলেন, “আমরা প্রত্যাশা করছি, সুশৃঙ্খলভাবে তারা (বিএনপি) সমাবেশ করবে। কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করবে না। এরপরও যদি কেউ জনভোগান্তি সৃষ্টি করে, অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কারণ দেশে কেউ আইনের উর্ধ্বে নয়।”
এমবি





