গোপালগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খলিলুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।

গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, নতুন কমিটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে শহরে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌরসভা এলাকার মধ্যে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে শুক্রবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ফলে শহরের মিয়াপাড়া, পোস্ট অফিস মোড় ও সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে পুলিশ ও ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সদর উপজেলা, কলেজ ও শহর ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত ১৬ অক্টোবর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ কমপক্ষে ২৫জন আহত হয়। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জেআই