গাইবান্ধার সুন্দরগঞ্জে শুভ নামে (৪) একটি শিশুকে অপহরণের ঘটনায় মুক্তিপণ নিতে এসে ৭ অপহরণকারী আটক হয়েছেন।

বুধবার সকালে সুন্দরগঞ্জ পৌর এলাকার মীরগঞ্জ বালাপাড়া গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-পৌর এলাকার খোকা মিয়ার ছেলে কবির মিয়া (২০), মজিবরের ছেলে হারুন মিয়া (২১), বিরাজ ধনীর ছেলে মোস্তাফিজার (৩৬), রাজা মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), রিপন মিয়া ছেলে রবিন হুড (৩৫), নির্মল মাস্টারের ছেলে মৃনাল চন্দ্র (২৪) ও নারায়ণ সাহার ছেলে রিপণ কুমার সাহা (৩০)।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আরিফ জানান, পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের আশেক আলী মাস্টারের ছেলে শুভকে ৮ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় বাড়ির উঠান থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণ হিসেবে মোবাইল ফোনে ১৫ লাখ টাকা দাবি করে।

বিষয়টি পুলিশকে জানিয়ে বুধবার সকালে আশেক আলী মাস্টার মোবাইল ফোনে অপহরণকারীদের টাকা দেয়ার কথা বলে কৌশলে নিজ বাড়িতে ডেকে আনেন। পরে পুলিশ বাড়ি ঘেরাও করে ৭ অপহরণকারীকে আটক করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত শুভকে উদ্ধারের চেষ্টা চলছে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ