রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যান উল্টে এক কিশোর মারা গেছে। এতে সাত জন আহত হয়েছে। মৃত কিশোরের নাম সুমন (১৪)। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদের দিন শনিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মোশাররফ হোসেন জানান, দুপুরে ১৫ শিশু-কিশোর ঈদ উদযাপন করতে পিকআপ ভ্যানে চড়ে হাতিরঝিলে আসে। তারা সাউন্ড বক্সে গান বাজিয়ে আনন্দ-উল্লাস করছিল। এক সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আটজন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল।

আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতরা হচ্ছে- তুহিন (১৫), মর্তুজা (১৭), সজীব (১৫), কামরুল (১৪), মেহেদী (১৫), আব্দুর রহমান (১৫), গোলাপ (২০)। এদের মধ্যে আব্দুর রহমান, গোলাপের অবস্থা গুরুতর।