টেকনাফের নাফ নদী থেকে আবারও দুই বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার পুলিশ (বিজিপি)।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে নাফনদীর ঘোলারচর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

এই জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা ও নৌকার মালিক এখলাস মিয়ার পুত্র মোহাম্মদ ইউনুছ (৩৫), মাঝের পাড়ার মৃত আবদুল গনির পুত্র আবু তাহের (২৮)।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, জেলেদের স্বজনরা বিষয়টি জানিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গেলে এদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি বিজিপি কর্মকর্তাদের অবহিত করে জেলেদের ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে বিজিপির পক্ষে জেলে ধরে নিয়ে যাওয়া কথা এখনো স্বীকার করেনি জানান আবুজার আল জাহিদ।

উল্লেখ্য, গত ৬ মাসে নাফনদী থেকে আরো ২৫ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বিজিবি লিখিত প্রতিবাদসহ ফেরত দেওয়ার জন্য বিজিপিকে অবহিত করলেও কার্যত কোন উদ্যোগ নেয়নি মিয়ানমার।

এমবি