খুলনা ও বাগেরহাটে পরিবহন ধর্মঘট চলছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তবে এ বিষয়ে কিছুই জানেন না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
আজ শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ চেয়ারম্যান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রায়ই দেখা যায়, বিরোধীদলীয় রাজনৈতিক দলগুলো যেখানেই সমাবেশ করে, সেখানেই গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। বিআরটিএ কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কি না— জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহন বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের কাছে কোনো দাবি-দাওয়াও জানায়নি। এ ছাড়া পরিবহনের মালিক-শ্রমিকরা আমাদের জানিয়ে ধর্মঘট করে না।
খুলনায় দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বলা হচ্ছে, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট। তবে বিএনপি নেতাদের অভিযোগ, খুলনার সমাবেশে যাতে দলটির নেতাকর্মীরা অংশ নিতে না পারে সেজন্য সরকারের নির্দেশে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
এবিএস





