নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে কালিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেনকে (৫০) মারা গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে সংঘর্ষের সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। নিহত মোফাজ্জেল কালিয়ার পেড়লী গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৩ মে) নড়াইলের পেড়লী ইউপি নির্বাচন হয়। আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা চেয়ারম্যান পদে বিজয়ী হন। এরপর বৃহস্পতিবার সকালে পেড়লীর মহাসিন মোড় এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা নৌকার প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় ৫ জন আহত হন।
পরে নৌকার সমর্থকেরা আ’লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থক কালিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন, তার ছেলে সাদ্দাম ও ভাই শামীমসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে।
আহতদের মধ্যে মোফাজ্জেল মারা গেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাদ্দামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কালিয়া থানার ওসি শেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হুমায়ুন/এমএনজে





