রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে মুক্তার হোসেন (৩৫)নামে এক কাপড় ব্যবসায়ীর দু'পা বিচ্ছিন্ন হয়ে মৃত্য হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া বলেন, পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৬টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পথচারী নাজমুল হোসেন জানান, কারওয়ানবাজার এলাকায় পাশাপাশি দুটি ট্রেন যাওয়া-আসার মাঝে পরেন মুক্তার। তার দু'পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তার রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ গ্রামের মৃত সুরুজ মণ্ডলের ছেলে। বর্তমানে নিউমার্কেট এলাকার আইয়ুব আলী কলোনির একটি ম্যাচে থাকেন।

মুক্তার ৩ মেয়ের জনক। নিউমার্কেট এলাকায় ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন তিনি।

এসএম