চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ছোট লাইটার জাহাজ তলা ফেটে আংশিক ডুবে গেছে। এ সময় জাহাজের ১৩ নাবিক কাছাকাছি থাকা অপর একটি লাইটার জাহাজে উঠে রক্ষা পান।

শনিবার সকাল ৭টার দিকে পতেঙ্গা সৈকতের অদূরে বন্দর জলসীমায় অবস্থানরত বিদেশি জাহাজ ‘এমভি ওয়াদি আলবোস্টন’ থেকে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার খালাস করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বহির্নোঙরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

জানা যায়, একটি বড় জাহাজ থেকে পণ্য খালাসের সময় ভারসাম্য হারিয়ে দুর্ঘটনায় পড়ে জাহাজটি। ক্ষতিগ্রস্ত ছোট জাহাজটি তীরের কাছাকাছি এনে রাখা হয়েছে।

এমভি ওয়াদি আলবোস্টন জাহাজটিতে ৫৫ হাজার টন ক্লিংকার রয়েছে। এই জাহাজ থেকে ক্লিংকার খালাস করে ‘এমভি নাসা’ নামের ছোট জাহাজে বোঝাই করা হচ্ছিল।

আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টন ক্লিংকার বোঝাই করার পর পানির তলদেশে আটকে থাকা বড় জাহাজের নোঙর সরে আসতে থাকে। এ সময় বড় জাহাজটির সঙ্গে রশি দিয়ে বাঁধা ছোট জাহাজটি যাতে ডুবে না যায়, এ জন্য রশি খুলে দেয়া হয়। দুর্ঘটনা আঁঁচ করতে পেরে দ্রুত বড় জাহাজের কাছ থেকে ছোট জাহাজটি সরিয়ে নিতে গেলে ডুবন্ত এক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায় এমভি নাসার। এ সময় জাহাজের ১৩ জন নাবিক কাছাকাছি থাকা এমভি ইস্ট বেঙ্গল-১ নামের আরেকটি জাহাজে উঠে রক্ষা পান।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ