বগুড়ার শাজাহানপুরে জুয়াড়ীদের ধরতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় জুয়ার আস্তানা থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার মাদলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহাগসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া আর আর ইউ এম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ বৈশাখী মেলার আয়োজন করে।
রাতে সেখানে জুয়া চলছে এমন খবর পেয়ে একদল পুলিশ সেখানে গিয়ে জুয়ার আস্তানায় হানা দিয়ে ৫ জনকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে পুলিশের হাত থেকে ওই আটককৃত ২ জুয়ারীকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ব্যবহৃত সিএনজি গাড়ি ভাংচুর, ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর হামলা চালিয়ে জুয়ারী শফিকুলকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন এস আই আলমগীর হোসেন, কনস্টেবল জালাল ও আলমগীর। আটককৃত ৪ জন হলো ছালেক (২৫), মজনু (৩০), ইমরান (২৫), নূর আলম (৩০)।
এদিকে, পুলিশের ওপর হামলার অভিযোগে এস আই আলমগীর হোসেন বাদী হয়ে মাদলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহাগসহ ৪৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
শাজাহানপুর থানার এস আই আলমগীর হোসেন জানান, জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এমকে





