নরসিংদীতে শুভ দাস (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের পাতিলবাড়ি সড়ক-হাজীপুর সেতুসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত শুভ হাজীপুর এলাকার নারায়ণ দাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসির সুত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হাজীপুর সেতুসংলগ্ন এলাকায় কয়েকজন যুবক দাঁড়িয়ে কথা বলছিলেন। তাঁদের মধ্যে শুভও ছিলেন। হঠাৎ শুভর সঙ্গে বাকিরা তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে সবাই মিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। শুভর ডাক ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শুভকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম বলেন, শুভ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার টাকার ভাগাভাগির জের ধরে শুভ সহযোগীদের হামলার শিকার হয়েছেন। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এআই





