কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনার ট্রেনের দু’টি বগি লাইনচুত্য হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভৈরব রেল স্টেশন থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেন ভৈরব স্টেশনের কাছে এসে দু’টি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে ওই ছয় জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরো জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
ভৈরব রেল স্টেশন মাস্টারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ





